আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ক্ষতির বিষয়টি তুলে ধরে কপ-৩১ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার দাবি জানাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ দাবিগুলো জোটবদ্ধভাবে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।



