নওগাঁর সাপাহারে ক্যামব্রিয়ান স্কুলের ক্রীড়া উৎসব

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

খেলাধুলার উচ্ছ্বাস, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ আর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নওগাঁর সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ। বৃহস্পতিবার দিনব্যাপী মদনিসং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। ছেলেদের জন্য শ্রেণিভিত্তিক দল গঠন করে আয়োজন করা হয় জমজমাট ফুটবল প্রতিযোগিতা। এতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ষষ্ঠ শ্রেণির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর চতুর্থ শ্রেণির দল রানারআপ হয়।

অন্যদিকে, ছাত্রীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী ও আনন্দদায়ক খেলাধুলা। এসব খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাপাহার জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সাংবাদিক গোলাপ খন্দকার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতিভোজ। খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।