খন্দকার শাহ আলম মন্টু
‘অদম্য উচ্ছ্বাসে, এগিয়ে চলার প্রত্যয়ে’ এই স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা হাইরোডে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে পত্রিকাটির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম সনজু আহমেদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম সনজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সাফল্য নির্ভর করে তার নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও পাঠকের আস্থার ওপর। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন যেন সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। পাশাপাশি পত্রিকাটির গঠনমূলক, সামাজিক ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু, দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি খায়রুল ইসলাম, এনটিভির মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, দৈনিক মাথাভাঙ্গার ভ্রাম্যমাণ প্রতিনিধি মুর্শিদ কলিং, পশ্চিমাঞ্চলের আলমডাঙ্গা সহকারী ব্যুরোপ্রধান শরীফ, দৈনিক খাসখবরের আলমডাঙ্গা সহকারী ব্যুরোপ্রধান আল আমিন হোসেন পরশ, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক ডা. আব্দুল্লাহ আল মামুন, শেখ মইদুল ইসলাম, আল আমিন বিশ্বাস হিমেল ও রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।



