স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় ক্যামিকাল দিয়ে কদবেল পাকানোয় টুকু ফল ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ২৩ বস্তা কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১ টা দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে ফল ও মাংসের বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ক্যামিকাল ব্যবহার করে কদবেল পাকানোর কারণে বড় বাজার মাথাভাঙ্গা ব্রীজ সংলগ্ন ফল পটির টুকু ফল ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় ২৩ বস্তা ক্যামিকাল মিশ্রিত কদবেল। একই সাথে ফল ব্যবসায়ীদের ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, সহযোগিতায় ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহিনুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও পুলিশের একটা টীম।



