আলমডাঙ্গা অফিস
পরম শ্রদ্ধেয়া তহিরন নেছা বেগমের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সভাপতি কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কবি সিদ্দিকুর রহমান ও কবি আব্দুল খালেক। মৌলভী নিজামুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ, সমাজকর্মী জাকারিয়া আহমেদ, খাইরুল ইসলাম, রফি উদ্দিন ও আসাদুল হক। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মরহুমা তহিরন নেছা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর জীবন ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



