আলমডাঙ্গা অফিস :
আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে জামজামি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি ও জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলম শাহ। এসময় তিনি বলেন , জামজামি ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবকদের মাঠে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। তাই ইউনিয়নের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে সব ধরনের খেলাধুলার সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক পান্না চৌধুরী, বিএনপি নেতা রমজান আলী ও আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল সালাম শাহ, যুবদল নেতা রানা, মেহেদী, সাইদুল ও সালাম; জামজামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন মাহমুদ এবং ছাত্রদল নেতা নাজমুল, আশিক ও নাজিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জামজামি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



