আলমডাঙ্গায় বণিক সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে আলোচনা, সমীকরণ ও নানা হিসাব-নিকাশ। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আরেফিন মিয়া মিলন ও মোহাম্মদ হাফিজুর রহমান। দুই প্রার্থীই ব্যবসায়ীদের সমর্থন আদায়ে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা নিজেদের অতীত কর্মকাণ্ড, অভিজ্ঞতা ও ব্যবসায়ীদের পাশে থাকার নানা দিক তুলে ধরে ভোটারদের কাছে ভোট ও সমর্থন প্রার্থনা করছেন।নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় চলছে গণসংযোগ ও মতবিনিময়। প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে ব্যবসায়ী সমাজের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।ব্যবসায়ী মহলে এ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। কে হবেন আগামী মেয়াদের সভাপতি, তা নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী, তা নির্ধারিত হবে ভোটারদের রায়ের মধ্য দিয়েই। আগামী ৩১ অক্টোবরের ভোটগ্রহণকে ঘিরে এখন প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং ব্যবসায়ীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।