চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর সাঁতার ও দাবা প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ে বালক-বালিকাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬-২৭’-এর সাঁতার ও দাবা ইভেন্টের খেলোয়াড় বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের ঘোষিত নতুনকুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসাবে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি তিথি মিত্র বলেন, “তৃণমূল পর্যায় থেকে দেশের প্রতিভাবান খুদে ক্রীড়াবিদদের খুঁজে বের করার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি অনন্য প্ল্যাটফর্ম। আমাদের শিশুরা যাতে শুধু ঘরের কোণে বা মোবাইল স্ক্রিনে বন্দি না থেকে মাঠের লড়াইয়ে নিজেদের মেলে ধরতে পারে, সেই পরিবেশ তৈরি করা আমাদের লক্ষ্য। সাঁতার ও দাবার মতো খেলাগুলো যেমন শারীরিক সক্ষমতা বাড়ায়, তেমনি মানসিক বুদ্ধিমত্তার বিকাশেও দারুণ ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি, আজকের এই চুয়াডাঙ্গার মাটি থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়ন খেলোয়াড় তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।”
বাছাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ ও চুয়াডাঙ্গা পৌরসভার কর সহকারি জাহাঙ্গীর আলম ।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক বালক ও বালিকা অংশ নেয়। পুরো বাছাই কার্যক্রমটি অত্যন্ত নিপুণভাবে পরিচালনা করেন দক্ষ পরিচালনা কমিটি ও বিচারক মণ্ডলী। গতকালের এই কার্যক্রমে বিচারক ও প্রশিক্ষক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা,সোহেল রানা বিলকিচ নাহার, দিলরুবা খুকু, হাজের আলী এবং আইরিন ইসলাম।
আয়োজকরা জানান, এই পৌরসভা ও ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত সেরা সাঁতারু ও দাবাড়ু খুদে খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।