জীবননগরে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪ মামলায় ৮৬ হাজার টাকা জরিমানা

জীবননগর অফিস :
জীবননগরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ড, দত্তনগর রোড, চ্যাংখালী রোড ও কালীগঞ্জ রোডে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেড় থেকে দুই শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ১৪টি মামলা করে মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হক জানান, সকাল থেকে জীবননগর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টের মাধ্যমে যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, অভিযানে প্রায় দেড় থেকে দুই শতাধিক মোটরসাইকেল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ১৪টি মামলা করা হয় এবং মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সড়কে দুর্ঘটনা রোধ ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে চালকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান সার্জেন্ট নাজমুল হক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।