ঝিনাইদহে আবুল হোসেন চেয়ারম্যানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​বুধবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে মরহুমের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। পরে দৌলতপুর কে.বি একাডেমি মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের এই দিনে (২৮ অক্টোবর) দখলপুর বাজারে সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন।

অনুষ্ঠানটি​ দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. ইখলাচুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ।
​বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, আসিফ ইকবাল মাখন, মাওলানা কামাল উদ্দিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম এবং ছাত্রদলের সদস্য সচিব শামীম রেজা প্রমুখ। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​বক্তারা শহীদ আবুল হোসেন চেয়ারম্যানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন এলাকার একজন জনপ্রিয় জননেতা ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ হরিণাকুণ্ডুর মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​আলোচনা সভা শেষে শহীদ আবুল হোসেন চেয়ারম্যানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।