দামুড়হুদা স্টেডিয়াম মাঠের পরিবেশ রক্ষায় জামাতে ইসলামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদা উপজেলা প্রবেশদ্বারে অবস্থিত ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। মাঠের পাশে জেলা পরিষদের উদ্যোগে মার্কেট স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম মাঠ শুধু খেলাধুলার স্থান নয়, এটি এলাকার উন্মুক্ত পরিবেশ ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠের পাশে মার্কেট স্থাপন করা হলে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুন্ন হওয়ার পাশাপাশি উন্মুক্ত পরিবেশ সংকুচিত হতে পারে। তাই মাঠের পরিবেশ রক্ষায় মার্কেট নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নায়েব আলী। তিনি বলেন, “দামুড়হুদা একটি ঐতিহ্যবাহী উপজেলা। অথচ উপজেলার সৌন্দর্য বৃদ্ধি ও উন্নয়নে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, তা যথাযথভাবে করা হচ্ছে না। যখন যে দল ক্ষমতায় আসে, তখন অনেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে আমরা যেন তারই প্রতিফলন দেখতে পাচ্ছি।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন আবেদুদ্দৌলা টিটোন, আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, হাফেজ মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুস সাত্তার, ইখতিয়ার উদ্দিন, ওবায়দুল হকসহ স্থানীয় আরও অনেকে। বক্তব্য শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্টেডিয়াম মাঠের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের কাছে স্মারকলিপি পেশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।