তিতুদহে পরিবেশবাদী সংগঠনের বৃক্ষরোপণ ও বিতরণ

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
বর্তমানে জলবায়ু পরিবর্তন, বনভূমি হ্রাস ও পরিবেশদূষণের কারণে প্রকৃতি নানা সংকটের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে দেশব্যাপী সরকারি-বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলাজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমরা প্রতিনিয়ত বন ও বৃক্ষ হারাতে বসেছি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রকৃতি বিপর্যয়ের মুখে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলাজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শিশুদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তাদের মনে সবুজ বিপ্লবের স্বপ্ন জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ছোটবেলা থেকেই একটি শিশুকে গাছের সঙ্গে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে সে বৃক্ষ সংরক্ষণে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে। এ লক্ষ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক তানভীর আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় সংগঠনটির বিভিন্ন কার্যক্রম আমরা দেখে আসছি। আমাদের বিদ্যালয়ে আজকের আয়োজনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সরাসরি সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের উদ্যোগের জন্য সংগঠনটিকে সাধুবাদ জানাই।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান, সুলতানা ফেরদৌস, রুপিয়া খাতুন, রেজোয়ানা হাসনাত ও জুয়েল রানাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।