দামুড়হুদা অফিস
শারদীয় দুর্গাপূজাউপলক্ষে দামুড়হুদা উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর দামুড়হুদা উপজেলার ২০টি পূজামণ্ডপে মোট ১২৮ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা বিভিন্ন পূজামণ্ডপে মোতায়েন থাকবেন। এর মধ্যে সাধারণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পূজামণ্ডপে ২জন নারী ভিডিপি সদস্যসহ মোট ৬ জন এবং অধিক ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ২জন নারী সদস্যসহ মোট ৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ব্রিফিংয়ে সদস্যদের পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। দায়িত্ব পালনকালে কোনো সন্দেহজনক কার্যকলাপ, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে এন্ড ইউজার (ঊহফ টংবৎ) হিসেবে তাৎক্ষণিক ঘটনার প্রতিবেদন প্রেরণ, সঠিকভাবে ইউনিফর্ম পরিধান, সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরাসহ উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যগণ।
দামুড়হুদায় দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং



