স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির রাতুলের বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির সুযোগ পেয়েছে। দেশের একমাত্র রাষ্ট্রীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বি.স্পোর্টস স্নাতক (পাস) শ্রেণিতে ক্রিকেট বিভাগে স্থায়ীভাবে ভর্তির সুযোগ লাভ করেছেন তিনি। রাতুল আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর গ্রামের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আমজাদ হোসেনের একমাত্র পুত্র।
ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন শুরু করেন। সম্প্রতি প্রকাশিত বিকেএসপির চূড়ান্ত ফলাফলে ক্রিকেট বিভাগ থেকে সারা বাংলাদেশের মধ্যে নির্বাচিত হওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ নম্বর ক্রমিকে (রেজিস্ট্রেশন আইডি: ইঝচউ-২০২৬০৯০০১২) স্থান করে নিয়েছেন তিনি।
বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তির সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাতুল। তিনি তার এই সফলতার মূল কৃতিত্ব দিয়েছেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ ও পরিচালক ইসলাম রকিবকে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে রাতুল চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলার দীর্ঘদিনের লালিত স্বপ্ন হলো জাতীয় ক্রিকেট দলে চুয়াডাঙ্গার কোনো ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করুক। সকলের ভালোবাসা ও দোয়া থাকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন জাতীয় দলে নিজের জায়গা করে নিতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
রাতুলের এই অনন্য সাফল্যে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি পরিবারসহ স্থানীয় ক্রীড়ামোদী মানুষেরা শুভকামনা জানিয়েছেন।


