হিজলগাড়ী প্রতিনিধি
হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানার কুন্দিপুর গ্রামের বেলে মাঠসংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের পূর্বপাড়ার শাহিন হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআইআনিছুর জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কুন্দিপুর গ্রামের বেলে মাঠসংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন শাকিল মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার শাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
হিজলগাড়ী ক্যাম্প পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার



