জীবননগর অফিস
জীবননগর উপজেলার বাঁকায় অবস্থিত সাথী অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মিলটি চালু থাকা অবস্থায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী এস কে লিটন জানান, গতকাল বুধবার দুপুরে মিলের কার্যক্রম চলাকালে হঠাৎ একটি জেনারেটরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মিলের শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় শ্রমিকেরা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এস কে লিটন আরও জানান, অগ্নিকাণ্ডে মিলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের হিসাব এখনো সম্পন্ন না হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জীবননগরে অটো রাইস মিলে অগ্নিকাণ্ড



