মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের ভূমিহীন পাড়ার আসকারের আমবাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রজনী মুজিবনগর উপজেলার মাঝপাড়া সোনাপুর গ্রামের রশিদুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার রশিকপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়ি থেকে বের হন রজনী খাতুন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে বাবুপুর গ্রামের একটি বাগানের আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সেখানে রজনীর মরদেহ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা থেকে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, বিস্তারিত বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার



