চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার, সড়কে চলাচলের নিয়মকানুন এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম এবং বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু যানবাহনের চালকদের সচেতন হলেই চলবে না, পথচারীসহ সড়ক ব্যবহারকারী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে সোমবার বিকালে চুয়াডাঙ্গা একাডেমিতে একই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক রিপন মল্লিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম এবং মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও নাহিদ হাসান। উভয় কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।