আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আলমডাঙ্গা অফিস
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। একটি সচেতন পরিবার ও প্রস্তুত সমাজই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মৌদুদ আলম খাঁ, নির্বাহী প্রকৌশলী মেজবাহুর রহমান ও নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ।
কর্মসূচির মাধ্যমে দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাসে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজের মানুষকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ পরিবার থেকে সচেতনতা শুরু করা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা এবং সম্মিলিতভাবে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।