আলমডাঙ্গা অফিস
আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং ‘আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’-এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, গাইনি চিকিৎসক ডা. সামিনা আক্তার তন্বী এবং নিউরোমেডিসিন চিকিৎসক ডা. আদনীন নাহার মৌনালী রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পে পায়ের বিভিন্ন সমস্যা, ডায়াবেটিসজনিত পায়ের জটিলতা, ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ২০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ নেন।
ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস উপলক্ষে পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনেকেই পায়ের সমস্যাকে সাধারণ বিষয় হিসেবে অবহেলা করেন। অথচ ছোটখাটো সমস্যা থেকেই অনেক সময় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলার কারণে সংক্রমণসহ নানা জটিলতা দেখা দিতে পারে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এসব ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
ডা. আদনীন নাহার মৌনালী বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ সেবা নিতে এসেছেন। বিশেষ করে ডায়াবেটিস ও পায়ের ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



