তিতুদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির ডিহি বাণিজ্যিক খামারের জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন মোল্লা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাজেদুর রহমান মিলন মোল্লা বলেন, কেরু অ্যান্ড কোম্পানির জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে যে অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে যেন তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাজেদুর রহমান মিলন মোল্লা তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।



