স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলমডাঙ্গা উপজেলা একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের মুহূর্তে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা দল।
গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ ও আলমডাঙ্গা উপজেলা একাদশ। ম্যাচ ঘিরে শুরু থেকেই স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কেউই জালের দেখা পায়নি।
ফাইনাল ম্যাচ শুরুর আগে জেলা প্রশাসক গোল্ডকাপের ট্রফি উন্মোচন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি প্রমুখ।
রেফারির বাঁশিতে বিকেল ৪টায় ম্যাচ শুরু হলে শুরু থেকেই বল দখলে নেওয়ার লড়াইয়ে নামে দুই দল। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ সাজাতে থাকে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করে আলমডাঙ্গা উপজেলা একাদশ। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হয়নি।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। ম্যাচ যত গড়িয়েছে, ততই বেড়েছে উত্তেজনা। শিরোপা নিশ্চিত করতে দুই দলই মরিয়া হয়ে আক্রমণে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার পরও স্কোরলাইন ছিল ০-০।
এরপর ম্যাচের নিষ্পত্তির জন্য নেওয়া হয় টাইব্রেকারের আশ্রয়। টাইব্রেকারে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে আলমডাঙ্গা উপজেলা একাদশ। ফলে উচ্ছ্বাসে মেতে ওঠে আলমডাঙ্গা দলের খেলোয়াড় ও সমর্থকেরা। আর শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশায় মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন আলমডাঙ্গা উপজেলা একাদশ ও রানার্সআপ চুয়াডাঙ্গা পৌরসভা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন ঘিরে শুরু থেকেই ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচকে ঘিরে সেই আগ্রহ রূপ নেয় উৎসবে। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা পুরাতন স্টেডিয়ামে আসতে শুরু করেন।
ফাইনাল ম্যাচে পুরাতন স্টেডিয়ামের তিনটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু গ্যালারিই নয়, মাঠের বাউন্ডারি ওয়াল, আশপাশের বিভিন্ন স্থান এবং বাড়ির ছাদ থেকেও দর্শকেরা উপভোগ করেন টানটান উত্তেজনার ফাইনাল। ম্যাচের প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও টাইব্রেকারের প্রতিটি কিকে দর্শকদের উচ্ছ্বাস-উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে জেলার চারটি পৌরসভা ও চারটি উপজেলা দলসহ মোট আটটি দল অংশ নেয়। ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে উঠে চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ ও আলমডাঙ্গা উপজেলা একাদশ। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে এবারের জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমডাঙ্গা উপজেলা একাদশ।



