আলমডাঙ্গায় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা পূজা ঘনিয়ে আসায় বেড়েছে কারিগরদের কর্মব্যস্ততা

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় চলছে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপে দিন-রাত সমানতালে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা যতই ঘনিয়ে আসছে, কারিগরদের ব্যস্ততাও ততই বাড়ছে। উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। কেউ প্রতিমার কাঠামো তৈরিতে ব্যস্ত, আবার কেউ মাটি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবদেবীর অবয়ব। কোথাও কাঠামোর কাজ শেষে চলছে মাটির প্রলেপ দেওয়ার কাজ, আবার কোথাও প্রতিমা শুকানোর পর রং-তুলির আঁচড়ে চলছে শেষ পর্যায়ের সাজসজ্জা।
প্রতিমা তৈরির কাজে পুরুষ কারিগরদের পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও সহযোগিতা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পূজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কারিগরদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা শক্তি, সাহস ও শুভশক্তির প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠার প্রত্যাশায় প্রতিবছর ভক্তরা দেবী দুর্গার আরাধনা করেন। অন্যায়, অবিচার, অশান্তি ও অকল্যাণ দূর হয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশা নিয়েই দুর্গাপূজার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আলমডাঙ্গা পৌরসভা এলাকায় রয়েছে ১৫টি মণ্ডপ। পূজাকে ঘিরে ইতোমধ্যে মন্দির-মণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে নতুন পোশাক কেনাকাটা, ঘর সাজানোসহ নানা প্রস্তুতি।
২০২৬ সালের পঞ্জিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাপঞ্চমী, ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। বিজয়া দশমীতে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস বলেন, দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আলমডাঙ্গায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।