ডিঙ্গেদহ বাজারে সড়ক পার হতে গিয়ে পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

বখতিয়ার হোসেন, ডিঙ্গেদহ
ডিঙ্গেদহ বাজারে সড়ক পার হতে গিয়ে পাখিভ্যানের ধাক্কায় পৃথ্বীরাজ কুমার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ডিঙ্গেদহ বাজারের বড় মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পৃথ্বীরাজ কুমার ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদারের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে প্রশান্ত কুমার হালদার মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় ছেলে পৃথ্বীরাজ কান্না করলে কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বলে তাকে শান্ত করেন। পরে প্রশান্ত কুমার বাজারের উদ্দেশে রওনা হন। কিন্তু অবুঝ শিশু পৃথ্বীরাজ কিছুক্ষণ পর বাবার পিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে ডিঙ্গেদহ বাজারের প্রধান সড়কে চলে আসে। বাজারে পৌঁছে মোটরসাইকেল থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই প্রশান্ত কুমার ফোনে জানতে পারেন, তাঁর ছেলে সড়ক পার হওয়ার সময় পাখিভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৃথ্বীরাজ কান্না করতে করতে ডিঙ্গেদহ বাজারের প্রধান সড়কের পাশে দৌড়াচ্ছিল। বড় মসজিদের সামনে পৌঁছে সে হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি পাখিভ্যানের সামনে পড়ে যায় সে। ভ্যানের ধাক্কায় শিশুটি সড়কে পড়ে গেলে ভ্যানটির একটি চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা গুরুতর আহত পৃথ্বীরাজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে রাজশাহী নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
একমাত্র সন্তান পৃথ্বীরাজের মৃত্যুতে মা-বাবা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বুকফাটা আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।