বড়শলুয়ায় আজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের সন্তান ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিজ গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বড়শলুয়া গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় যুবক, শিক্ষার্থী, নিহতের স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদগুলো থেকে মুসল্লিরা বের হয়ে ব্যানার-ফেস্টুন হাতে প্রধান সড়কে জড়ো হন। এ সময় শত শত মানুষের উপস্থিতিতে মানববন্ধনটি বড় আকার ধারণ করে। অংশগ্রহণকারীরা আজমুল হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে নিহত আজমুলের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পরিবারের পক্ষ থেকে বলা হয়, একটি মেধাবী তরুণকে হারিয়ে তারা গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা কোনো প্রতিশোধ নয়, সন্তানের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার চান।
সমাবেশে আজমুলে বাবা বলেন, আজমুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কাউকেই যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া না হয়। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে যাবেন। প্রয়োজন হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ছাত্রাবাস এলাকায় আজমুল হোসেনকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজমুলের নিজ গ্রাম বড়শলুয়ায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।