তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গড়াইটুপি ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
সভায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের পাশে পরিষদের নিজস্ব জায়গায় নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি শারমিন আক্তার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভবন নির্মাণের বিষয়ে তাদের মতামত শোনেন।
এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি প্রতিষ্ঠান। তাই পরিষদের ভবন নির্মাণের ক্ষেত্রে স্থানীয় মানুষের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রয়োজনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ বিষয়ে উপস্থিত জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানান তিনি।
আলোচনা সভায় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের জন্য স্থায়ী ও আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিষদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ হলে ইউনিয়নের সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে মত দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মঈনুদ্দিন, ছব্দুল, রজব আলী, নাসির উদ্দীন, আব্দুল খালেক, কামাল, আব্দুল আলীম, আবুল কালাম, নাজমুল, আজিজ, জিয়াউর রহমান, আলী কদর, সামছুল হক, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন আলী জোয়ার্দারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক সাধারণ মানুষ।
সভা শেষে সংশ্লিষ্টরা ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা পরিদর্শন করেন এবং ভবন নির্মাণের সম্ভাব্য স্থান ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।



