চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবীনদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। রঙিন ব্যানার ও ফুলের মালায় সাজানো পুরো ক্যাম্পাস নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তির জন্য প্রায় চার হাজার শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৮০০ থেকে ৮৬০ জন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই কলেজে ভর্তি হতে পেরেছ, এটি সৌভাগ্যের বিষয়। অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হতে চাইলেও সুযোগ পায় না।
তিনি আরও বলেন, তোমরা এখন এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ। এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে—এটাই প্রত্যাশা।
বাংলা বিভাগের প্রভাষক আজিম হোসেন ও ডলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফারজানা কেতকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সহশিক্ষা কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের যোগ্য করে তোলার পাশাপাশি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ। প্রবীণ শিক্ষার্থীরা হাতে রজনীগন্ধা নিয়ে নবীনদের স্বাগত জানান। এতে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দিনভর চলা এ আয়োজনে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।