আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ১৮তম ব্যাচে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিন কৃতী সন্তান। তাঁরা হলেন—হারদী গ্রামের সাদিয়া আফরিন খান, নওদাপাড়া গ্রামের আনারুল ইসলাম এবং কায়েতপাড়া গ্রামের রাজু আহমেদ। তিন শিক্ষার্থীর এ সাফল্যে তাঁদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাদিয়া আফরিন খান আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আনারুল ইসলাম আলমডাঙ্গার নওদাপাড়া গ্রামের সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি ও সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অন্যদিকে, রাজু আহমেদ আলমডাঙ্গার কায়েতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আলমডাঙ্গার এই তিন শিক্ষার্থীর শিক্ষাজীবনের পথ আলাদা হলেও একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। তাঁদের কৃতিত্বে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, বিচার বিভাগে দায়িত্ব পালনের সুযোগ পেলে সাদিয়া আফরিন খান, আনারুল ইসলাম ও রাজু আহমেদ সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন। তাঁদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করবে।
১৮তম বিজেএস পরীক্ষায় আলমডাঙ্গার তিন শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত



