আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৬জন গ্রেফতার, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ট্যাপেন্টাডলসহ তিনজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও তিনজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্প এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সনাতন গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম (৫৫)কে ২০ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
অপর অভিযানে এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে হৈদারপুর গ্রামে অভিযান চালিয়ে আকাশ আলী (২৪)কে তিন পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ৪৫০ টাকা।
এ ছাড়া আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ইমাদুল হক (৪২)কে মুন্সিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন এসআই মো. শাহরিয়ার হুসাইন রুবেল। তাঁকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিন পরোয়ানাভুক্ত আসামি স্বপন আলী (৪৩), ডাবলু হক (৪৪) ও জুথী খাতুন (৩০)কে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ট্যাপেন্টাডলসহ গ্রেফতার সিরাজুল ইসলাম ও আকাশ আলীকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।