দর্শনা অফিস
দর্শনায় বজ্রপাতে আকন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের চার ছাত্রী আহত হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ে অবস্থানকালে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে গুরুতর আহত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আকন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে দর্শনা এলাকায় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ছুটি হলেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ায় শিক্ষার্থীদের বাইরে বের না হয়ে শ্রেণিকক্ষে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করার একপর্যায়ে বিদ্যালয়ের পেছনের একটি বাগানে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে চার ছাত্রী অসুস্থ হয়ে আহত হয়। ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্রী জুলেখা (১৩), আনিছা (১৩), লাইলা (১৩) ও হ্যাপী রয়েছে। এ্যানী (১২) নামে আরও এক ছাত্রী সামান্য আহত হয়েছে।
দর্শনা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে দর্শনার একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত এক ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত শিক্ষার্থীরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
দর্শনায় বজ্রপাতে চার স্কুলছাত্রী আহত, হাসপাতালে ভর্তি



