কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। পীরপুরকুল্লা গ্রামের আলেপের মেয়ে সাবানার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে ঘরটি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবানার সুবুলপুরে নিজস্ব বসতবাড়ি রয়েছে। তা সত্ত্বেও তিনি অসচ্ছল ও ভূমিহীন সেজে কার্পাসডাঙ্গা গার্লস স্কুলের সামনে আশ্রয়ণ প্রকল্পের ৪ নম্বর ঘরটি নিজের নামে বরাদ্দ নেন। বরাদ্দ পাওয়ার পর তিনি কিছুদিন কৌশলে সেখানে বসবাস করেন। পরবর্তীতে তিনি হেমায়েতপুর গ্রামের হাশেমের ছেলে আয়ুব আলীর কাছে ঘরটি বিক্রি করে দেন।
ক্রেতা আয়ুব আলী জানান, সাবানা তাঁর স্ত্রী ইয়াসমিনের আত্মীয়। সেই সূত্রে তাঁর স্ত্রীর আগ্রহেই স্থানীয় মাতব্বরদের সাক্ষী রেখে ঘরটি কেনা হয়। বর্তমানে স্ত্রী তাঁকে ডিভোর্স দেওয়ায় সাবানা চুক্তি অনুযায়ী স্ট্যাম্পে সই না করে হয়রানি করছেন। সাবানার নিজস্ব বাড়ি থাকার পরও প্রতারণার আশ্রয়ে ঘরটি বরাদ্দ নেন এবং পরে তা মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেন।
এ বিষয়ে সাবানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘর বিক্রির বিষয়টি অস্বীকার করেন। তবে ঘর বিক্রি না করলে সেখানে কেন আয়ুব আলী বসবাস করছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কার্পাসডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ



