চুয়াডাঙ্গার মোমিনপুরে মুখোশধারীদের ছিনতাই-তাণ্ডব অস্ত্রের মুখে মোটরসাইকেল-টাকা লুট, গাছের সঙ্গে বেঁধে পালাল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে মুখে মাস্ক ও গামছা বাঁধা অজ্ঞাতনামা ছিনতাইকারীদের কবলে পড়েছেন আলমডাঙ্গার এক মোটরসাইকেল চালক। দা ও হাঁসুয়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পর তাঁর মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গতকাল রোববার রাত ১০টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ি সড়কের আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ময়েন (৩১) আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ থানাধীন গোয়ালবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর গতিরোধ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। এ সময় তারা হাতে থাকা দা ও হাঁসুয়া দেখিয়ে ময়েনকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ছিনতাইকারীরা তাঁর ব্যবহৃত সবুজ-কালো রঙের অন-টেস্ট হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
এরপর ছিনতাইকারীরা ময়েনের হাত-পা বেঁধে একটি গাছের সঙ্গে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ময়েন কোনোভাবে হাত-পায়ের বাঁধন খুলে লোকালয়ে আসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানান।
স্থানীয় সূত্র জানায়, ছিনতাইকারীদের হামলায় ময়েন কোনো শারীরিক আঘাত পাননি। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।