গাংনীতে বিএনপির আনন্দ মিছিলে জেলা পরিষদের প্রশাসক মিল্টন ৭১-এর পরাজিত শক্তি সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে না

মেহেরপুর অফিস
‘১৯৭১-এর পরাজিত শক্তি জামায়াতে ইসলামী বর্তমান সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে না। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা লংমার্চ করেছে। দীর্ঘ সময় তারা গুপ্ত অবস্থায় থেকে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপন করেছে।’—এমন মন্তব্য করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন।
তিনি আরও বলেন, ‘এই গুপ্তবাহিনী আবারও ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে পরাধীন করতে চায়। তারা গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে তামাশা করতে চায়। তাই এই স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে।’ মিল্টন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার তেল, গ্যাস ও দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এ পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বিকেলে আনন্দ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।