ঝিনাইদহ অফিস
‘বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করার কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদারমুক্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তিনি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’—এ মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।
গতকাল রবিবার ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের মেইন বাজারে প্রথমে আনন্দ মিছিল বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু বকর বিশ্বাস বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিকে এগিয়ে নিয়েছেন।
তিনি আরও বলেন, ‘বিরোধী পক্ষ জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন করার জন্য কটূক্তিকারী সিফাতের পক্ষ নিয়ে কথা বলছে। এটি দেশের জন্য অশুভ লক্ষণ। কী মনে করে তারা এসব করছে, তা আমরা বুঝতে পারছি না।’ এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আবু বকর বিশ্বাস বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের বয়স মাত্র আট মাস। একটু সময় দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।’ সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



