জীবননগর অফিস
জীবননগরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আলমাছ আনান (১৮) নামের এক কলেজ ছাত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শামীম রেজা (৩৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কলেজছাত্রের বড় ভাই ইয়ামিন আবির জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত শামীম রেজা উপজেলার বালিহুদা গ্রামের সাদের আলীর ছেলে। এদিকে গালিগালাজের কথিত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলমাছ আনান জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং পৌরসভার পোস্ট অফিসপাড়ার বক্তিয়ার তৌহিদের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর আলমাছ আনান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে ওই দিন বিকেলে অভিযুক্ত শামীম রেজা একটি অ্যাপের মাধ্যমে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই মারধরের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়টি পরিবারের সদস্যদের জানান আলমাছ আনান। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে তার বড় ভাই ইয়ামিন আবির জীবননগর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।


