চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত নজরুল উৎসবের দ্বিতীয় দিনেও ছিল সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য, আবৃত্তি ও একক অভিনয়ে মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে কবির কালজয়ী সৃষ্টিকর্ম ও জীবনবোধ।
‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দ্বিতীয় দিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ ও চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমি। আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা নজরুলের গানসহ বিভিন্ন সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন ওস্তাদ রেজাউল করিম, কমলকান্তি চক্রবর্তী, সাহাবুল হক, আশরাফুল হক পান্না, আয়েশা খাতুন, রুহুল আমিন ও আতিক বিশ্বাস। তাঁদের পরিবেশনায় ‘সই ভালো করে বিনোদবেণী’, ‘পদ্মার ঢেউ রে’, ‘আসে বসন্ত কূলবনে’ ও ‘শুকনো পাতার নূপুর বাজে’সহ বিভিন্ন গান পরিবেশিত হয়।
অন্যদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ছিল একক সংগীত, নৃত্য ও অভিনয়। শিশু শিল্পী আবরার খান অর্ক ‘ত্রিভুবনের প্রিয় মোহ’ গানটি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া মাসুদ রানা ‘হারানো হিয়া নিকুঞ্জ পথে’, মো. খলিলুর রহমান ‘আমি যদি আরব হতাম’ এবং পূর্ণিমা সাহা ‘আমার নয়নে নয়ন রাখিয়া’ গান পরিবেশন করেন। একক অভিনয়ে অংশ নেন সুমাইয়া আক্তার। রাবিয়া সুলতানা এশা ও পূর্ণতার নৃত্য পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সদর উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা সমন্বয় করেন সংগীত প্রশিক্ষক মাসুদ রানা লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রী, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সভাপতি সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বছরব্যাপী নজরুল উৎসব আয়োজনের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চের মতো জাতীয় দিবসগুলোতেও জেলা শিল্পকলা একাডেমি ও জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ উর রশীদ শান্ত। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই আয়োজনে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘নীলকুঠি’। কবি কাজী নজরুল ইসলামের রচনায় নাটকটির নির্দেশনায় থাকবেন নজির আহমেদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।