চুয়াডাঙ্গায় ৮ ঘন্টা বাস চলাচল বন্ধের পর ধর্মঘট প্রত্যাহার এক সপ্তাহের মধ্যে নির্ধারিত রঙে রং করে ইজিবাইক চালানোর নির্দেশনা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৮ ঘন্টা আন্তজেলা বাস চলাচল বন্ধের পর ধর্মঘট প্রত্যাহার করেছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বাস চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসনের সঙ্গে ফলপ্রসু আলোচনার চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল পুনরায় শুরু করে। এরপর সড়কে চলাচলরত জনসাধারনের দূর্ভোগ কিছুটা লাঘব হয়।
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিক ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের আলোচনা সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ফলে চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, জেলার এক উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। ইজিবাইকগুলোকে উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রং করতে হবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ অর্থাৎ আগামী শনিবারের মধ্যে ইজিবাইকে নির্ধারিত রং করা না হলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রং হলো- চুয়াডাঙ্গা পৌরসভায় কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা (পৌরসভা ব্যতীত) নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদা উপজেলায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ।
এ বিষয়ে সভায় চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল বলেন, বাস চলাচল বন্ধের যে ঘোষণা দিয়েছিলাম, আলোচনা করার পর প্রশাসনের কাছে সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছি। তাই শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে সড়কে বাস চলাচল করবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ইজিবাইক চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মিনহাজ উল-ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুক্তা, জেলা ইজিবাইক রিকশা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির সভাপতি আবু সাঈদ, সিনিয়র সভাপতি মঞ্জুরুল হকসহ সংশ্লিষ্টরা।
এর আগে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল থেকে জেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী বাস না পেয়ে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করেন। তবে গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।