আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়ায় ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বহু মাধ্যমিক বিদ্যালয় বাজার ফুটবল মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলা ও সৌহার্দ্য গড়ে ওঠে। পরাজয়ের শিক্ষা ও জয়ের গৌরব মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদ খেলোয়াড়দের উদ্দেশে বলেন, খেলায় জয়-পরাজয় ও প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে খেলা শেষে নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে হবে। তিনি যুবকদের মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহার ছেড়ে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশের মুখোমুখি হয় কেডিকে ইউনিয়ন ক্রীড়া একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন একাদশ ৪-০ গোলে কেডিকে ইউনিয়ন ক্রীড়া একাদশকে পরাজিত করে।
খেলা দেখতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। দর্শকদের হর্ষধ্বনি ও উল্লাসে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। জীবননগরের জনপ্রিয় ফুটবলপ্রেমী মামুন হোসেনের ধারাভাষ্যে খেলাটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
বাফুফে স্বীকৃত রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বিল্লাল হোসেন। সহকারী রেফারি ছিলেন মোল্লা মকলেচুর রহমান টিক্কা ও রবিউল ইসলাম।
ফ্রেন্ডস ক্লাবের আয়োজক কমিটির ৮ স্টার’ টিমে ছিলেন ফাইম, নিহান, নাহিদ, রায়হান, তানভীর, মাসরিকুল, জিসান ও শিশির। ম্যাচসেরার পুরস্কার তুলে দেয় নাজাত খেলা ঘর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, ক্রীড়ানুরাগী আব্দুর রাজ্জাক ও শিক্ষক মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আন্দুলবাড়িয়ায় ৮ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আন্দুলবাড়িয়া একাদশের জয়লাভ



