দামুড়হুদায় ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় বিশেষ অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে থানার এসআই মানজেরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার ছুটিপুর সরকারি কবরস্থানের দক্ষিণ পাশে আজিজ মাস্টারের বাঁশবাগানে অভিযান চালিয়ে ছুটিপুর (স্কুলপাড়া) গ্রামের আবুল হোসেন ওরফে হেবার ছেলে  আরিফুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে নীল পলিথিনে মোড়ানো ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) এ উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ইয়াবা সহ গ্রেপ্তারকৃত আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চোরাচালান, মাদক ব্যবসা, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।