হরিণাকুণ্ডু থানায় নবাগত ওসি জুলফিকার আলীর যোগদান, আইনশৃঙ্খলায় উন্নতির প্রত্যাশা

হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পরিদর্শক জুলফিকার আলী। গত ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। ​২০০৭ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে তিনি প্রথম নড়াইল সদর থানায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে লোহাগড়া, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, পিরোজপুর এবং সর্বশেষ ঝিনাইদহ সদর সার্কেল অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
​যোগদানের পরই হরিণাকুণ্ডু উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি অপরাধ নির্মূলে তিনি স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
​এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলায় বর্তমানে মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মারামারি ও সামাজিক নানা অস্থিরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা নবাগত ওসির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, পেশাগত দক্ষতা, সততা ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে তিনি দ্রুত এসব অপরাধ দমন করে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করবেন।

​নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, এলাকায় প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।