জীবননগরে ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার উদ্ধার চোরাই যন্ত্রাংশ ও যানবাহন

জীবননগর অফিস
জীবননগরে কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের কৃষক আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে তার সেচকাজের নলকূপের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন। পরে তিনি খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার পরীক্ষা করে দেখেন, প্রতিটি থেকে প্রায় ১০ কেজি করে মোট ৩০ কেজি তামার কয়েল এবং ভেতরের তেল চুরি হয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
একই দিন একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামার কয়েল ও তেল একই কায়দায় চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
টানা ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে। অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার সকালে জীবননগর থানায় এক সংবাদ ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে সেখান থেকে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।