মেহেরপুরে ইয়াবাসহ আটক মাদক কারবারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ইয়াবাসহ শরাফ উদ্দিন (৫৫) নামের এক মাদককারবারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক শরাফ উদ্দিন একই গ্রামের সোবহান মন্ডলের।
স্থানীয় সূত্রে জানা যায়, শরাফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন। সম্প্রতি কুলবাড়িয়া গ্রামের সচেতন যুবকেরা মাদকমুক্ত সমাজ গড়তে এলাকা জুড়ে ব্যাপক মাদকবিরোধী সামাজিক অভিযান ও নজরদারি শুরু করেন। সকালে গ্রামে ইয়াবা বিক্রির সময় মাদকবিরোধী যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, মাদকবিরোধী যুবসমাজের ছেলেরা শরাফ উদ্দিনকে ইয়াবা ট্যাবলেটসহ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। অনেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় যুবসমাজের এমন সামাজিক সচেতনতা প্রশংসনীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।