দর্শনায় বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ লাখ টাকার ক্ষতি

দর্শনা অফিস
দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা বাজারে অবস্থিত রাজধানী ফুডসের একটি বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে আকস্মিকভাবে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানায় তেল ও তেলজাতীয় দাহ্যপণ্য মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়েনি।
দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে বিষয়টি আরও তদন্ত করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।