আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার সিটি গাড়ি মাঠে রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবে ৩৩ শতক জমির একটি ফলনশীল লাউ বাগান কেটে তছরুপ করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে লাউগাছের গোড়া কেটে দেওয়ায় কৃষক আব্দাল হকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দাল হক দীর্ঘদিনের শ্রম, সময় ও অর্থ ব্যয় করে ৩৩ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন। বাগানে ইতোমধ্যে ফুল, জালি ও ফল আসতে শুরু করেছিল। আর কয়েক দিনের মধ্যেই বাজারে লাউ বিক্রি করে লাভের আশা করেছিলেন তিনি। কিন্তু শনিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে লাউগাছগুলোর গোড়া কেটে দেয়। এতে অল্প সময়ের মধ্যেই পুরো বাগানটি নষ্ট হয়ে যায়। রবিবার সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক আব্দাল হক। তিনি বলেন, “অনেক কষ্ট করে এই লাউ বাগান করেছি। গাছে ভালো ফলন আসতে শুরু করেছিল। আর কয়েক দিনের মধ্যেই বাজারে লাউ তুলতাম। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে সব শেষ করে দিল। এতে আমার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ক্ষতিগ্রস্ত লাউ বাগান পরিদর্শন করে কৃষক আব্দাল হকের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে টিপু সুলতান বলেন, একজন কৃষকের ফসল কেটে নষ্ট করা অত্যন্ত জঘন্য ও ন্যক্কারজনক অপরাধ। কৃষকের জীবিকা ও স্বপ্নের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কৃষকের ফসল নষ্ট করার মতো নৃশংস ঘটনা গ্রামীণ সমাজে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গায় রাতের আঁধারে ৩৩ শতক লাউ বাগান কেটে তছরুপ ভাংবাড়ীয়ার কৃষক আব্দালের প্রায় ২ লাখ টাকার ক্ষতি



