দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন হাউলি গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন টাওয়ার পাড়া মহল্লার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে থাকায় স্কুলগামী শিক্ষার্থী, মসজিদগামী মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, নতুন হাউলি গ্রামের বাবুল আক্তারের বাড়ির নিকট থেকে আবুল কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ গজ সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে সড়কে হাঁটুসমান পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের স্কুলে যেতে যেমন ভোগান্তি পোহাতে হয়, তেমনি বয়স্ক মানুষ ও মুসল্লিদের মসজিদে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। অনেক সময় কাদা-পানির কারণে তাদের পোশাকও নষ্ট হয়ে যায়।
এছাড়াও ওই মহল্লায় থাকা দুটি বৈদ্যুতিক খুঁটি বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বৃষ্টিতে খুঁটিগুলো বিদ্যুতায়িত হয়ে পড়ায় শিশু ও বয়স্করা আতঙ্কের মধ্যে চলাচল করেন। ইতোমধ্যে কয়েকজন খুঁটিতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার উপক্রম হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে আমরা এই জলাবদ্ধতার দুর্ভোগ সহ্য করছি। সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়। শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে এই সমস্যার সমাধান করুক।
আরেক বাসিন্দা বাবুল আক্তার বলেন, এটি আমাদের একমাত্র চলাচলের রাস্তা। বর্ষা মৌসুমে সড়কটি যেন ছোট খালে পরিণত হয়। সবচেয়ে বেশি কষ্টে পড়েন শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা। বৈদ্যুতিক খুঁটির কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, সড়ক সংস্কার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির নিরাপত্তা নিশ্চিত করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন নতুন হাউলি গ্রামের বাসিন্দারা।
দামুড়হুদার নতুন হাউলিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন



