অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর স্মরণে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, লেখক, প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সীর প্রয়াণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করেছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ। গতকাল শনিবার আয়োজিত এ সভার শুরুতেই প্রয়াত এই গুণীজনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব, যেখানে বক্তারা হামিদুল হক মুন্সীর বর্ণাঢ্য কর্মময় জীবন, সাহিত্যচর্চা, সাংগঠনিক দক্ষতা এবং সমাজ ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার নানা দিক তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা আক্ষেপ করে বলেন, ‘জন্মিলে মরিতে হবে’—এটাই চিরন্তন সত্য; তবে চুয়াডাঙ্গা ধীরে ধীরে তার অনেক গুণী ও বরেণ্য মানুষকে হারাচ্ছে। সেই সারিতে অন্যতম ছিলেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত দেন তাঁরা। কবিতা আবৃত্তি, সাহিত্যচর্চা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
বক্তারা আরও উল্লেখ করেন, চুয়াডাঙ্গার অন্যতম প্রাণপ্রবাহ ও গুরুত্বপূর্ণ নদী মাথাভাঙ্গা রক্ষার আন্দোলনে হামিদুল হক মুন্সীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ ও জনস্বার্থ রক্ষার সেই লড়াইয়ের পাশাপাশি তাঁর রচিত কবিতা, প্রবন্ধ ও গবেষণাকর্ম আগামী প্রজন্মের কাছে আলোকবর্তিকা হয়ে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিম্মা সুলতানা মিতা।
স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী, সাবেক অধ্যক্ষ শাহজাহান বিশ্বাস, সাবেক অধ্যক্ষ মোহা. রেজাউল করিম, কাজল মাহমুদ, নজির আহমেদ, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দীন, মিলন বিশ্বাস, প্রকৌশলী রফিকুল ইসলাম, আহাদ আলী মোল্লা, আবু নাসিফ খলিল, মো. আজিজুল হক, জি এম জোয়ার্দার, মো. আনছার আলী, মো. হুমায়ুন কবীর, রাজিব আহমেদ, আবুল কালাম আজাদ, জাকিয়া সুলতানা ঝুমুর, চিত্তরঞ্জন চিতু ও গুরু কাজল মল্লিকসহ জেলার বিশিষ্টজনেরা। সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।