স্টাফ রিপোর্টার
আলুকদিয়ায় মেরামত করা মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন| বুধবার দুপুর ১টার দিকে আলুকদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে| সে আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকানে কর্মরত ছিল|
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে আব্দুল্লাহ আলুকদিয়া বাজারে মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন| একটি মোটরসাইকেলের মেরামত শেষে, সেটি ঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করতে সড়কে ট্রায়াল দিতে বের হন| এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারের কাছে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আবদুল্লাহ গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়| আবদুল্লাহর অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া| বিকালেই তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়|
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়| পরবর্তীতে কোন অভিযোগ দিলে সেটাও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে|



