ডিঙ্গেদহ প্রতিনিধি
ভিক্ষার ছলে বাড়িতে ঢুকে মহিলাকে অজ্ঞান করে নগদ টাকা ও গহনা নিয়ে চম্পটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, গতকাল দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোঃ শহিদ হোসেনের ছেলে হেলাল উদ্দিনের বাড়িতে ১ জন বোরখা পরিহিত মহিলা ভিখারি ও ১ জন পুরুষ ভিখারি ভিক্ষা করতে যায়। বাড়িতে থাকা হেলাল উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন ভিখারিকে ভিক্ষা দেওয়ার পর উক্ত মহিলা ভিখারি ভাত খাওয়ার জন্য কাকুতি মিনতি করলে সোনিয়া খাতুন রাইস কুকার থেকে ভাত তুলতে থাকে এমতাবস্থায় উক্ত মহিলা ভিখারি পিছন থেকে কাপড় দিয়ে সোনিয়া খাতুনের মুখ চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে সোনিয়া খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে শশুর শহিদ হোসেন মাঠ থেকে বাড়িতে এসে দেখেন সোনিয়া খাতুনের ২ বছরের ছেলে কান্না করছে এবং সোনিয়া রাইস কুকারের পাশে বেহুঁশ অবস্থায় পড়ে আছে। রান্নাঘরের মেঝেতে ভাত ছিটানো রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে ভেবে লোকজন জোগাড় করে শরীরে স্পর্শ করতে বলে। হাসপাতালে নেওয়ার জন্য ঘর থেকে কাপড় নিতে গেলে দেখতে পায় আলমারি খোলা এবং ড্রয়ারের তালা ভাঙ্গা। এছাড়াও সোনিয়ার মুখে পাওডার জাতীয় পদার্থ মাখা দেখে সন্দেহ হয় কোন অজ্ঞান পার্টি এমন সর্বনাশ করেছে।
সোনিয়া খাতুনের জ্ঞান ফিরলে বিস্তারিত ঘটনা সম্পর্কে জানা যায়।
সোনিয়ার স্বামী হেলাল উদ্দিন বলেন ড্রয়ারে নগদ ৭০ হাজার টাকা এবং গহনা ছিল সব চুরি করে নিয়ে গেছে।
গ্রামের খালিদ হোসেন বলেন কিছুদিন আগে পর্যায়ক্রমে আজিজুল, রকুল এবং কলমের বাড়িতে আত্মীয় পরিচয়ে সাহায্যের আবেদন করে সুযোগ বুঝে দুর্বৃত্তরা অভিনব প্রতারণা করে নগদ টাকা ও অলংকার লুটে নিয়েছে। ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


