কার্পাসডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ ১ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মিজানুর রহমান (৬১) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান জানান, গোপনে সংবাদের ভিত্তিতে জানা যায় মুন্সীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সীপুর বিওপিকে সতর্ক করে একটি বিশেষ টহলদল মোতায়েন করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সীপুর বিওপির সামনের সড়কে পৌঁছুলে সন্দেহভাজন মিজানুর রহমানকে (৬১) টহলদল থামায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার কোমরের লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং একটি ডায়াং ৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।
আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।