দীর্ঘদিনের প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা রেলবাজার রেলওয়ে ওভার পাস নির্মাণে ১৬ শতক ভূমি অধিগ্রহণ সম্পন্ন, ভবনসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ধীরগতিতে চলা চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে অবশেষে গতি ফিরেছে। ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর গতকাল বুধবার চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় অধিগৃহীত জমি ও স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভেকু ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রেলস্টেশন সংলগ্ন  বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে , এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা দূর হয়েছে।  ওভারপাস নির্মাণের জন্য সরকার মোট সাড়ে ১৬ শতক জমি ও স্থাপনা অধিগ্রহণ করেছে। এর বিপরীতে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৬ কোটি টাকা প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে সওজের কর্মকর্তা পুলিশ সদস্য এবং জমির মালিকরা উপস্থিত ছিলেন। তবে রেলবাজার এলাকার বাসিন্দা মো. রায়হান উদ্দীন অভিযোগ করেন, তিনি ৬৮ পয়েন্ট জমির ক্ষতিপূরণের অর্থ এখনও পাননি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পরই জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কোনো জমির মালিক ক্ষতিপূরণ না পেয়ে থাকলে বা কোনো অভিযোগ থাকলে তিনি জেলা প্রশাসন কিংবা সওজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাদিকুর রহমান বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই এতদিন ওভারপাস নির্মাণকাজ বন্ধ ছিলো। এখন সেই জটিলতার অবসান হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে আগেই জমির মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের অনাপত্তি ও উপস্থিতিতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, একদিনেই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে। এর ফলে এখন রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।